৪ বৈশাখ, ১৪৩৩
১৭ এপ্রিল, ২০২৬

চারঘাটে ৮০ কেজি ভেজাল গুড় জব্দ, ৬০ হাজার টাকা জরিমানা

Admin Published: January 21, 2026, 6:15 pm
চারঘাটে ৮০ কেজি ভেজাল গুড়  জব্দ, ৬০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের পণ্য তৈরি করায় দুটি প্রতিষ্ঠানকে ৬০  হাজার টাকা জরিমানা ও ৮০ কেজি ভেজাল গুড় জব্দ করেছে বিএসটিআই। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বুধবার জেলার চারঘাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচানা করে জরিমানা ও গুড় জব্দ করা হয়।

বিএসটিআই সূত্র জানায়, গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় উপজেলার রায়পুর এলাকায় অবস্থিত মেসার্স মায়ের দোয়া বেকারী প্রতিষ্ঠানে ১০ টাকা জরিমানা করা হয়। এসময় ওই প্রতিষ্ঠানে উৎপাদনে ব্যবহৃত নিষিদ্ধ রং ও কেমিক্যাল জব্দ করা হয়।


এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চিনি, ডালডা, চুন ও নন-ফুডগ্রেড রং মিশিয়ে ভেজাল গুড় উৎপাদন করায় একই উপজেলার পিরোজপুর এলাকায় অবস্থিত রাসেল গুড় ফ্যাক্টরীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং প্রায় ৮০ কেজি ভেজাল গুড় জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় চারঘাট থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।