১২ বৈশাখ, ১৪৩৩
২৫ এপ্রিল, ২০২৬

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

Admin Published: April 25, 2026, 1:27 pm
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

ডিএনএন ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক নির্দেশনায় রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপারসহ পুলিশের সব ইউনিটকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, গ্রেপ্তাতার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এই চক্রটি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা- জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


গোয়েন্দা তথ্যে আরও ইঙ্গিত মিলেছে, তারা বোমা বিস্ফোরণের পাশাপাশি দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলা চালাতে পারে। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগার লক্ষ্য করেও হামলার পরিকল্পনা থাকতে পারে।


আইনশৃঙ্খলা বাহিনীর মূল্যায়নে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের সামগ্রিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। এ প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।