ডিএনএন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ।শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে 'বিয়াম ফাউন্ডেশন'-এর তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ।’ দীর্ঘদিন ধরে জনগণ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশা করে আসছিল। বর্তমান সরকার সেই প্রত্যাশার প্রতিফলন বলেও উল্লেখ করেন তিনি।
আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত সংস্থাটির অগ্রযাত্রা প্রমাণ করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার সবসময় দেশ ও জনগণের স্বার্থে একটি দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তুলতে কাজ করেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।