ডিএনএন ডেস্ক: সময়ের অন্যতম জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর শিল্পী তালিকায় যুক্ত হতে পারতেন অভিনেত্রী তানজিকা আমিন। নিজ মুখেই বিষয়টি স্বীকার করেছেন তিনি।তানজিকা আমিন বলেন, ‘আমাকে যখন সিনেমাটির জন্য প্রস্তাব করা হয়েছিল, তখন আমার চরিত্রটি সেভাবে বিস্তার লাভ করেনি। তাই মনে হয়েছিল সিনেমাটি আমি না করলেও কারো কোনো ক্ষতি হবে না।
তবে মুক্তির পর যতবার সিনেমাটি দেখছি, বার বার মনে হয়েছে, ইশ কী বড় মিস’টাই না করলাম। লজ্জা লাগছে নিজের কাছে কেন যুক্ত হলাম না।
এটা আমার জন্য সত্যিই দুঃখজনক ঘটনা।
তানজিকা আমিন জীবনের অনেক সত্য ঘটনা, না বলা গল্প সম্প্রতি শেয়ার করেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ তে।
শনিবার (২৫ এপ্রিল) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে এই বিশেষ পডকাস্ট।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে তানজিকা আমিন অকপটে স্বীকার করেছেন, ২০১৩ সালেও তিনি ওপার বাংলার সিনেমায় প্রসেনজিতের বিপরীতে দুর্দান্ত একটি সিনেমার প্রস্তাবও বাধ্য হয়েছিলেন ফিরিয়ে দিতে। কারণটি বিষদভাবে ব্যাখ্যা করেছেন তিনি পডকাস্টে।
তানজিকা আমিন নিজের ওপর বিশ্বাস নিয়ে বলেন, আমার আত্মবিশ্বাস এতটাই বেশি, মাঝে মধ্যে মনে হয় আমি রানী ভিক্টোরিয়া। এক হাজার মেয়ের মাঝেও যদি আমাকে বসিয়ে দেয়া হয়, আমি আমার নিজের ওপর বিশ্বাস অনুভব করবো। তবে এই আত্মবিশ্বাস পরিমিত আকারেই আমি ধারণ করি। অতিরিক্ত আত্মবিশ্বাসীদের অনেকে বেয়াদব বলে, অহংকারী বলে। আমাকে আজ পর্যন্ত কেউ এই ধরনের অপবাদ দেয়নি।
‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।