স্টাফ রিপোর্টার : বাড়ির প্রবেশ পথে প্রতিবেশীর বাঁশের বেড়ায় অবরুদ্ধ হয়ে পড়েছেন রাজশাহীর বাগমারার এক পরিবার। বেড়া ডিঙিয়েও বাড়ি থেকে বের হতে না পরে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন পরিবারের সদস্যরা।
উপজেলার চিকাবাড়ি বাজার সংলগ্ন এলাকায় আফজাল হোসেনের বাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দিয়ে সম্পূর্ণভাবে চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে পাশের জমির মালিকের বিরুদ্ধে। সাহার আলী নামের প্রভাবশালী জমির মালিক শনিবার দুপুরে এভাবে বাঁশের বেড়া দিয়েছেন। জমিজমার বিরোধের জেরে এ কান্ড ঘটিয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তারা ওই পথ ব্যবহার করে বাড়িতে যাতায়াত করে আসছিলেন। হঠাৎ করে কোনো নোটিশ বা সমঝোতা ছাড়াই বাড়ির মূল দরজার সামনে বাঁশের বেড়া স্থাপন করে প্রবেশের একমাত্র পথ বন্ধ করে দেওয়া হয়। এতে করে পরিবারের নারী, শিশু ও বৃদ্ধ সদস্যরা চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়দের তথ্যানুযায়ী, বাড়ির দরজার সামনে বাঁশ ও গাছের ডালপালা দিয়ে তৈরি অস্থায়ী বেড়া বসানো হয়েছে। ফলে বাড়িতে প্রবেশ বা বের হওয়ার কোনো উপায় নেই। জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া এখন পরিবারের জন্য অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় কার্যত তারা অবরুদ্ধ হয়ে পড়েছেন।
বাড়ির মালিক আফজাল হোসেন অভিযোগ করে বলেন, আমাদের কোনো বিকল্প রাস্তা নেই। এভাবে পথ বন্ধ করে দেওয়ায় আমরা কার্যত অবরুদ্ধ। প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেন তিনি। এ নিয়ে এলাকাবাসীর মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, বিষয়টি দ্রুত সমাধান না হলে বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে। তারা অবিলম্বে বাঁশের বেড়া অপসারণ করে বাড়িতে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তবে এ ব্যাপারে যোগাযোগের চেস্টা করেও সাহার আলীকে পাওয়া যায়নি। ভুক্তভোগী আফজাল হোসেন বলেন, এ ব্যাপারে তিনি উপজেলা প্রশাসনে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।