২১ বৈশাখ, ১৪৩৩
০৪ মে, ২০২৬

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় রাজশাহীতে যুবক গ্রেফতার

Admin Published: April 23, 2025, 4:01 pm
মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায়  রাজশাহীতে যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করার অভিযোগে রাজশাহীতে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের নাম সাগর সাহা (৩০)। সে নগরের বুলনপুর ঘোষপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার দিবাগত রাতে বুলনপুর নবাবগঞ্জ ঘোষপাড়া এলাকার জান্নাতুল মাকাম জামে মসজিদের সামনে থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে রাজপাড়া থানা পুলিশ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, সাগর সাহা প্রায় এক বছর ধরে ইসলাম ধর্ম ও মহানবীকে (সা.) নিয়ে অবমাননাকর মন্তব্য করে আসছিলেন। স্থানীয়ভাবে একাধিকবার নিষেধ করা হলেও তিনি তা শোনেননি। মঙ্গলবার সন্ধ্যায় মসজিদের সামনে সে আবারও প্রকাশ্যে কটূক্তিমূলক কথাবার্তা বলে। একপর্যায়ে মসজিদের ভেতরে প্রবেশ করে উচ্চস্বরে অশ্লীল ভাষা ও ইসলাম ধর্মের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করতে থাকে। এতে মুসল্লিদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় একজন ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। কল পেয়ে রাজপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সাগর সাহাকে আটক করে। তিনি আরও জানান, ঘটনার পর রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। বুধবার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতেও পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।