স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুরে জমিতে সেচ দিতে গিয়ে নিখোঁজ কৃষক আলতাফ শাহ (৫২) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে তুলশিক্ষেত্র বিলের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আলতাফের বাড়ি মোহনপুর উপজেলার ধুরইল মণ্ডলপাড়া গ্রামে। ছয়দিন ধরে নিখোঁজ ছিলেন এই কৃষক।
পুলিশ জানিয়েছে, গত ৯ মার্চ রাতে নিজের জমি সেচ দিতে গিয়েছিলেন আলতাফ শাহ। আলতাফের জমির পাশেই তার চাচাতো ভাই শরিফুল ইসলামেরও জমি। ওই রাতে তিনিও জমিতে সেচ দিতে গিয়েছিলেন। ওই রাতে আলতাফ বাড়ি ফেরেননি। পরদিন সকালে পরিবারের সদস্যরা জমিতে গিয়ে মানুষের মগজসাদৃশ্য মাংস দেখতে পান। এছাড়া জমি থেকে কিছুটা দূরে রাস্তায় ফোটা ফোটা রক্তের দাগ দেখা যায়। পুলিশ গিয়ে সেদিন মগজসাদৃশ্য মাংস উদ্ধার করে। এটি মানুষের মগজ কি না তা পরীক্ষার জন্য পাঠানো হয়।
সেদিন থেকেই শরিফুল ইসলাম পরিবারসহ লাপাত্তা। তার বাড়িটি তালাবদ্ধ রয়েছে। আগের রাতে স্থানীয় এক ব্যক্তি জমিতে শরিফুল ও আলতাফ শাহকে কথা কাটাকাটি করতে দেখেছিলেন।
মোহনপুর থানার ওসি আতাউর রহমান বলেন, রবিবার বেলা ১১টার দিকে বিলের ডোবায় বিবস্ত্র অবস্থায় একটি লাশ পড়ে থাকার খবর পান তারা। দুপুরে তারা গিয়ে মাথা থেতলানো লাশ পান। খবর পেয়ে নিখোঁজ কৃষক আলতাফের পরিবারের সদস্যরাও আসেন। তারা লাশ শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। আলতাফের জমি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে লাশটি পড়ে ছিল।
ওসি জানান, আলতাফ নিখোঁজের ঘটনায় চাচাতো ভাই শরিফুল ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে আগেই হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে একটি মামলা করেছিল আলতাফের পরিবার। ওই মামলায় মোস্তফাকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি আলতাফের বিষয়ে কিছু জানাননি। তিনি এখন কারাগারে আছেন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।