৩ বৈশাখ, ১৪৩৩
১৬ এপ্রিল, ২০২৬

অপপ্রচারের প্রতিবাদ গোদাগাড়ীর বিএনপি নেতা নওশাদের

Admin Published: November 29, 2025, 10:34 am
অপপ্রচারের প্রতিবাদ গোদাগাড়ীর বিএনপি নেতা নওশাদের

ডিএনএন ডেস্ক: রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণায় ‘মাদকের গডফাদার’ -এমন শিরোনামে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও মানহানিকর দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন গোদাগাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নওশাদ আলী। 

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, কয়েকটি সংবাদমাধ্যমে হুবহু একই শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ও সাজানো। এসব প্রতিবেদনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের সঙ্গে একটি দলীয় সভার ছবি ব্যবহার করে তাকে উদ্দেশ্যমূলকভাবে ‘মাদকের গডফাদার’ হিসেবে উপস্থাপন করা হয়েছে- যা প্রার্থীকে ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে ঘায়েল করার সুস্পষ্ট চক্রান্ত।


নওশাদ আলী বলেন, সংবাদ প্রকাশের আগে কোনো সাংবাদিক তাঁর বা বিএনপি প্রার্থীর বক্তব্য নেননি, যা সাংবাদিকতার নীতিমালাকেই প্রশ্নবিদ্ধ করেছে। তিনি দাবি করেন, তিনি কখনোই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না এবং নেই। তাঁর বিরুদ্ধে কোথাও মাদক-সংক্রান্ত কোনো মামলার রেকর্ড নেই। তবুও একদল স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে একটি সিন্ডিকেটের মাধ্যমে মানহানিকর সংবাদ প্রচার করেছে। এর মাধ্যমে তাঁকে ও বিএনপির মনোনীত প্রার্থীসহ সমগ্র জাতীয়তাবাদী দলের সম্মানহানির চেষ্টা করা হয়েছে।


নওশাদ জানান, তিনি দীর্ঘ চার দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে অতীতের ফ্যাসিস্ট সরকারের আমলে তাঁকে একাধিক গায়েবি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। তিনি গোদাগাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর এবং বর্তমানে একই ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।


তাঁর ভাষ্যে, বিএনপিকে ক্ষতিগ্রস্ত করা এবং রাজশাহী-১ আসনে জনপ্রিয় প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে বিতর্কিত করার উদ্দেশ্যেই এসব অসৎ প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে প্রার্থী ঘোষণার পর থেকেই মনোনয়ন বঞ্চিতরা মাঠপর্যায়ে নানান বিভ্রান্তি সৃষ্টি ও অপপ্রচার চালাচ্ছেন।


নওশাদ আলী বলেন, “ধানের শীষের প্রার্থী জেনারেল শরিফকে নিয়ে আমরা মাঠে দিন-রাত কাজ করছি। কিন্তু মনোনয়ন বঞ্চিত ব্যক্তিরা প্রতিহিংসা চরিতার্থ করতে অপপ্রচারের আশ্রয় নিচ্ছেন। মাদকের মতো স্পর্শকাতর ইস্যুকে সামনে এনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে- যা সুস্থ রাজনীতির লক্ষণ নয়।”


তিনি মানহানিকর সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানিয়ে দলের সকলকে অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে বিএনপির প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।