স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর চাঞ্চল্যকর মিম হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব রাজশাহীর সদস্যরা। শনিবার র্যাব রাজশাহীর মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নগরীর বোয়ালিয়া মডেল থানার শেখেরচক পাচানী মাঠের মোবারকের ছেলে শাকিল (২১), তার ভাই রবিন (২৭) এবং শেখেরচক বিহারীপাড়ার শুকুরের ছেলে শুভ (২৪)।
র্যাব জানায়, গত ২৬ অক্টোবর সন্ধ্যায় পরিকল্পিতভাবে নগরীর টিকাপাড়ায় বেসবলের ব্যাট, লোহার রড, জিআই পাইপ, লোহার হাতুড়ি, চাপাতি, রামদা, চাকু নিয়ে মিমকে (২৩) ঘটনাস্থলে পথরোধ করে দুর্বৃত্তরা এলোপাথাড়ি মারপিট করে গুরুতর জখম করে।
পরে সন্ত্রাসীরা মিমকে শেখেরচক ঈদগাহ পাচানী মাঠসংলগ্ন নদীর ধারে নিয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এর ফলে সে গুরুতর আহত হয়। মিমকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রেখে দ্রুত পালিয়ে যায় তারা। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে মিম।
এ ঘটনায় বোয়ালিয়া থানায় নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। জড়িত আসামিদের গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব রাজশাহীর একটি বিশেষ টিম আসামি রুমনকে গত ২৭ মার্চ গ্রেফতার করে। পরবর্তীতে শুক্রবার দিবাগত রাত পৌনে ৮টার দিকে নগরীর তালাইমারি এলাকায় অভিযান চালিয়ে অন্য তিন আসামিকে গ্রেফতার করা হয়। আসামিদের নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।