স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন অক্ট্রয় মোড় এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেদেনা (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় নিহতের স্বামীসহ আরও দুজন আহত হয়েছেন।আজ বুধবার বেলা ১১টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বেদেনা রাজশাহীর দুর্গাপুর থানার তালিসাবাসপুর গ্রামের মো. রেজ্জাকের স্ত্রী। দুর্ঘটনায় আহতরা হলেন, নিহতের স্বামী মো. রেজ্জাক (৪৫) এবং নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার জানিকের ছেলে নাসির (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মতিহার থানাধীন অক্ট্রয় মোড় এলাকায় একটি বাস ও অটোরিকশার মধ্যে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেদেনাকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে নাসিরকে চিকিৎসার জন্য রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, নিহতের স্বামী রেজ্জাককে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।