স্টাফ রিপোর্টার :রাজশাহীতে ধর্ষণ মামলায় হাবিবুল হাসান হাসিব (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহী নগরের সুলতানাবাদ বেদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৫ এর রাজশাহীর একটি দল। হাসিবের বাড়ি জেলার পবা উপজেলার বজরাপুর গ্রামে।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ২৪ বছর বয়সী এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলো হাসিব। এরপর পদ্মা নদীর ধারে বেড়ানোর কথা বলে একটি বাসায় নিয়ে অন্য দুজনের সহযোগিতায় ২০২২ সালের ১০ মার্চ ও ১১ জুলাই তরুণীকে ধর্ষণ করে হাসিব।
পরে ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে হাসিব কৌশলে বাড়ি পালিয়ে যায় এবং সিম পাল্টে ফেলে যোগাযোগও বন্ধ করে দেন। এ ঘটনায় নগরের বোয়ালিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী। র্যাব আরও জানায়, মামলার পর থেকেই পলাতক ছিলো হাসিব।