২১ বৈশাখ, ১৪৩৩
০৫ মে, ২০২৬

রাজশাহীতে এইচপিভি টিকা নেয়ার সময় বাড়াল রাসিক

Admin Published: November 20, 2024, 5:05 pm
রাজশাহীতে এইচপিভি টিকা নেয়ার সময় বাড়াল রাসিক

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা সময় আরও চারদিন বৃদ্ধি করা হয়েছে। বুধবার সকালে রাজশাহীর নগর ভবনে টিকাদান ক্যাম্পেইনের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পেইন শেষ হওয়ার কথা ছিল ২৪ নভেম্বর। এই সময় বাড়িয়ে ২৮ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে স্কুলপর্যায়ে পঞ্চম থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী সকল কিশোরীকে এ টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নগর ভবনে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ও রাসিকের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। সভায় রাজশাহী নগরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের সার্বিক অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. এফএএম আঞ্জুমান আরা বেগম।

সভায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. জাফরুল হোসেন, রাসিকের সচিব মো. মোবারক হোসেন, প্রাথমিক শিক্ষার রাজশাহীর উপ-পরিচালক  মো. সানাউল্লাহ, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. কস্তুরী আমিনা কুইন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. কামরুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. বায়েজীদ উল ইসলাম, রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, শহরে যে সকল শিক্ষার্থীরা এখনও এইচপিভি টিকা গ্রহণ করেনি, তাদেরকে ক্যাম্পেইনের এই বর্ধিত সময়ের মধ্যে টিকা গ্রহণ করতে হবে। সরকারের বিনামূল্যের এ টিকা অত্যন্ত কার্যকর। এ টিকা গ্রহণে শিক্ষার্থী ও অভিভাবককে উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। স্কুলের শিক্ষার্থী ও স্কুল বহির্ভূত যারা এখনও এ টিকা গ্রহণ করেনি, তাদের সকলকে অতিসত্বর টিকা গ্রহণ করতে আহ্বান জানান বিভাগীয় কমিশনার।