২১ বৈশাখ, ১৪৩৩
০৪ মে, ২০২৬

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় যুবক জখম,আইসিইউতে ভর্তি

Admin Published: May 13, 2025, 12:25 am
রাজশাহীতে সন্ত্রাসী হামলায় যুবক জখম,আইসিইউতে ভর্তি

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সন্ত্রাসী হামলায় রাকিব আল রেজা রিপন (৩৫) নামে এক যুবক গুরুতর জখম হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। সোমবার দুপুরে মহানগরীর বর্ণালী সিনেমা হল মোড়ে তার ছোট ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় তাকে।


আহত রিপন বোয়ালিয়া থানার বর্ণালী সিনেমা হল এলাকার বাসিন্দা গোলাম নবীর ছেলে। তিনি এভারেস্ট ফার্মাসিটিক্যালসের রাজশাহী অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত।


রিপনের ছোট ভাই গোলাম নবীন রোকন জানান, রাজশাহী মহানগর শাহমখদুম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেনের সঙ্গে তাদের একটি মামলা চলমান রয়েছে। মামলাটি তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল রাজিব। আজ দুপুরে রাজিব, তার ভাই রাকিবসহ ৮-১০ জন সশস্ত্র অবস্থায় এসে দোকানে প্রবেশ করে আমার মেঝো ভাই রিপনকে ধারালো হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। বর্তমানে সে রামেক হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে।


রোকন আরও বলেন, এ ঘটনায় থানায়রমামলার প্রস্তুতি চলছে।

 রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এদিকে হামলায় জখম রিপনের অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছ। চিকিৎসকরা জানিয়েছেন, তার আশঙ্কাজনক।