২১ বৈশাখ, ১৪৩৩
০৫ মে, ২০২৬

সৌজন্য সাক্ষাতের ছবি ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করায় ছাত্রদলের প্রতি রুয়েট প্রশাসনের নিন্দা

Admin Published: November 17, 2024, 6:27 pm
সৌজন্য সাক্ষাতের ছবি ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করায় ছাত্রদলের প্রতি রুয়েট প্রশাসনের নিন্দা

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্যের সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতাদের সৌজন্য সাক্ষাতের ছবি ব্যবহার করে ক্যাম্পাসে ছাত্র-রাজনীতির কার্যক্রম বলে প্রচার করার তীব্র নিন্দা জানিয়েছে রুয়েট প্রশাসন। 

শনিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ছাত্রকল্যাণ পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্রদলের প্রতি তীব্র নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রুয়েটে একটি ছাত্র সংগঠন প্রশাসনের সাথে তাদের সৌজন্য সাক্ষাৎ এর ছবি তাদের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করায় রুয়েটের শিক্ষার্থীবৃন্দ ছাত্র রাজনীতি চালুর বিষয়ে যে আশংকা প্রকাশ করছে, তা সর্বদায় নাকচ করছে। 

এ প্রেক্ষাপটে রুয়েট কর্তৃপক্ষ ছাত্র রাজনীতি চালুর বিষয়ে সর্বদা শিক্ষার্থীদের দাবীকেই প্রাধান্য দিবে। কর্তৃপক্ষের অগোচরে অনাকাঙ্খিত ছবি প্রকাশ করায় শিক্ষার্থীদের মধ্যে যে ক্ষোভ ও ভীতির সৃষ্টি হয়েছে তার পুনরাবৃত্তি রোধকল্পে এরকম যে কোন বিষয়ে পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। 

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের একটি প্রতিনিধিদল রুয়েট উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করে। সেই সাক্ষাতের ছবি ব্যবহার করে ১৪ নভেম্বর কেন্দ্রীয় সংসদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে সংগঠনটি।

ওই পোস্টের ক্যাপশনে বলা হয়, নতুন ধারার ছাত্র-রাজনীতি, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের সঙ্গে রুয়েটের সাধারণ শিক্ষার্থীদের মতবিনিময় ও উপাচার্য স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ।

এর আগে রুয়েট প্রশাসন কর্তৃক গত ১০ আগস্ট ইস্যুকৃত একটি প্রজ্ঞাপন অনুসারে সকল প্রকার ছাত্র-রাজনীতি নিষিদ্ধ করার পরেও ছাত্রদলের এই কর্মকাণ্ডে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। তাঁরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বিক্ষোভ মিছিল করার পরে উপাচার্যের কাছে তাদের ক্ষোভ ও উদ্বেগ জানান। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে ছাত্রদলের প্রতি তীব্র নিন্দা জানানো হয়।