২৩ কার্তিক, ১৪৩৩
০৮ নভেম্বর, ২০২৬

মিথ্যা তথ্যে ডব্লিউএইচওতে চাকরি, পুতুলের বিরুদ্ধে মামলা

Admin Published: March 20, 2025, 5:17 pm
মিথ্যা তথ্যে ডব্লিউএইচওতে চাকরি, পুতুলের বিরুদ্ধে মামলা

ডিএনএন ডেস্ক: জালিয়াতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ ও সূচনা ফাউন্ডেশনের নামে ৩৩ কোটি টাকা নেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বৃহস্পতিবার (২০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।


এর আগে মঙ্গলবার (০৪ মার্চ) সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে ৪৮ কোটি ৩৫ লাখ টাকা রয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।


আবেদনে বলা হয়, মা শেখ হাসিনার যোগসাজশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিজস্ব দলিলের বিধি, নীতিমালা ও নৈতিক মানের সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের মাধ্যমে শত শত কোটি টাকা উপার্জন করে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে।


প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে সায়মা ওয়াজেদ পুতুল এবং সংশ্লিষ্টরা সংস্থাটির অস্থাবর সম্পদগুলো অন্য জায়গায় হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত হলে পরে ওই টাকা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। অনুসন্ধানে এ পর্যন্ত পুতুলের স্বার্থসংশ্লিষ্ট অস্থাবর সম্পদের যে তথ্য পাওয়া গেছে, তা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিধান মতে অবরুদ্ধ করা আবশ্যক।