ডিএনএন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১টি আবাসিক হলে কমিটি ঘোষণা করেছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ। সোমবার (৪ মে) রাতে সংগঠনটির রাবি শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিবের স্বাক্ষরে এ কমিটির তালিকা প্রকাশ করা হয়।Geographic Reference
জানা গেছে, পলাতক অবস্থায় থাকা সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এই হল কমিটি প্রকাশ করেন। ঘোষিত তালিকায় প্রতিটি হলে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করা হয়েছে এবং এক বছরের জন্য কমিটি কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ছেলেদের ১১টি এবং মেয়েদের ছয়টি হল থাকলেও ঘোষিত কমিটি শুধুমাত্র ছেলেদের হলগুলোতে সীমাবদ্ধ রাখা হয়েছে। এর মধ্যে গণঅভ্যুত্থানের পর নাম পরিবর্তন হয়ে ‘বিজয়-২৪ হল’ হলেও তালিকায় পুরোনো নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ ব্যবহার করা হয়েছে। ওই হলে তানভির আহমেদকে সভাপতি ও তামিম হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া শের-ই বাংলা ফজলুল হক হলে শুভ্র দেব সাহা ও মোবাশ্বির রায়হান রাফি, শাহ মখদুম হলে এলাহি শেখ ও এহসান আহমেদ আকাশ, নবাব আব্দুল লতিফ হলে মাসুদুর রহমান ও আব্দুল জলিল চৌধুরী, সৈয়দ আমির আলী হলে গোলাম কিবরিয়া ও মশিউর রহমান মিহাদ, শহীদ হবিবুর রহমান হলে রাইসুল ইসলাম আকাশ ও সোহান হাসান, মতিহার হলে ডালিম মির্জা ও আব্দুল্লাহ শোয়াইব, মাদার বখ্শ হলে শামীম সিকদার ও ফজলে রাব্বী, জিয়া হলে মাজেদুল ইসলাম মৃদুল ও তানজিল হাসান সুমন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে কামরুল হাসান ও মোস্তাফিজুর রহমান তুষার এবং শহীদ শামসুজ্জোহা হলে রাহাত হাসান খান রাহাত ও আব্দুল্লাহ আল আজমীর নাম ঘোষণা করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের কেউই বর্তমানে ক্যাম্পাসে অবস্থান করছেন না। তারা নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং অনেকেই অতীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শাস্তিমূলক ব্যবস্থা বা বহিষ্কারের মুখে পড়েছেন। কারও কারও বিরুদ্ধে গ্রেপ্তার ও কারাভোগের ঘটনাও রয়েছে।