ডিএনএন ডেস্ক: চীনের হুনান প্রদেশে এক আতশবাজি কারখানায় বড় ধরনের বিস্ফোরণে ২১ জন নিহত ও আরও ৬১ জন আহত হয়েছে। সোমবার স্থানীয় সময় ৪টা ৪০ মিনিটের দিকে হুনান প্রদেশের রাজধানী শহর ছাংশার একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণটি ঘটে। এ ঘটনার পর প্রেসিডেন্ট শি জিনপিং পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন।
চীনের সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওগুলোতে দেখা গেছে, বড় একটি স্থাপনার ধসে পড়া ভবনগুলো থেকে ঘন ধোঁয়ার কুণ্ডুলি বের হচ্ছে আর চারদিকে আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে।
তবে রয়টার্স জানিয়েছে, তারা এসব ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, প্রায় ৫০০ দমকল কর্মী, উদ্ধার কর্মী ও চিকিৎসা কর্মী ঘটনাস্থলে উপস্থিত আছেন।