স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে এক আলোচনাসভায় বক্তারা বলেছেন রাজনৈতিক প্রতিহিংসায় হানাহানি করা ঠিক না। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সবাইকে ঐক্যের চর্চা করতে হবে। পারস্পারিক ঐক্য ছাড়া দৃর্বৃত্ত্বদের হানাহানি রোধ সম্ভব নয়।
মঙ্গলবার কাকনহাট পৌরসভা অডিটোরিয়ামে উন্নয়ন সংস্থাত সিসিবিভিও এ মতবিনিময় সভার আয়োজন করে। নৃ-জনগোষ্ঠীর অধিকার বিষয়ে নাগরিক সমাজ, সাংবাদিক ও বিভিন্ন অধিকার ভিত্তিক সংগঠনের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিসিবিভিও’র সভাপতি প্রফেসর মো. আবদুস সালাম। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন রক্ষাগোলা মডেলের গবেষক ও সিসিবিভিও’র নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র কোষাধ্যাক্ষ ও ব্লাস্ট রাজশাহী শাখার সমন্বয়ক সামিনা বেগম, নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিড়ইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বলিয়াডাইং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর, কাদমা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতার হোসেন সহ প্রমুখ। এছাড়া সভায় সাংবাদিক মামুন অর রশিদ, আনিসুজ্জামান, সফিকুল ইসলাম ও মাহাবুল ইসলাম বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন নৃগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।
সভার প্রধান বক্তা সারওয়ার-ই-কামাল বলেন, রাজনৈতিক ক্ষেত্রেও বৈষম্য আছে যেমন গ্রামের রাজনীতি আর শহরের রাজনীতির পার্থক্য আছে। গ্রামের নেতা শহরের নেতার সামনে কথা বলতে পারেন না, ছোট নেতা বড় নেতার সামনে কথা বলতে পারেন না। যারা কৃষির সাথে জড়িত তাদের রাজনৈতিক প্রতিহিংসায় নিজেরা নিজেরা হানাহানিতে যুক্ত হচ্ছে। এটা পরিহার করতে হবে। তিনি বলেন সব দলের অংশগ্রহনে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দুষ্কৃতিকারীরা যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা কোন রাজনৈতিক দলের না। তাদের রূখতে আদিবাসীদের ঐক্যবদ্ধ হতে হবে।