১২ বৈশাখ, ১৪৩৩
২৫ এপ্রিল, ২০২৬

লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর ইসরায়েলি হামলা ,উত্তেজনা চরম পর্যায়ে

Admin Published: July 12, 2024, 1:41 pm
লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর ইসরায়েলি হামলা ,উত্তেজনা চরম পর্যায়ে

ডিএনএন ডেস্কঃহিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা আহত হয়েছে- এ সংবাদ প্রকাশের পরেই লেবাননের দক্ষিণাঞ্চল,আইতা আল-শাব, রাব এল-থালাথিন, আল আদ্দাউসিয়ে এবং খিয়ামে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলি বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।(সূত্রঃআল-জাজিরা) 

ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহর একটি পর্যবেক্ষণ কেন্দ্র, রকেট লঞ্চার বহনকারী ট্রাক এবং তাদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। অন্যদিকে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীও এ নিয়ে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলের নতুন এ হামলার ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়লো। 

গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি। সেইসঙ্গে ২০ হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে। 

গাজায় হামলার শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের ওপর হামলা শুরু করে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হুঁশিয়ারি দিয়েছে, গাজায় হামলা বন্ধ না হলে ইসরায়েলের ওপর তারা হামলা চালিয়ে যাবে। এরপর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। 

সম্প্রতি বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, দুপক্ষের মধ্যে যেকোনো সময় পুরোদমে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।

ডিএনএন/১২ জুলাই/এলএস